ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতির ঘটনায় শিডিউল বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে ঢাকায় আসা-যাওয়া করা ট্রেনগুলো ৫-৬ ঘণ্টা বিলম্বে চলছে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে ভোরের কাগজকে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, বিলম্বের কারণে দুটি ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)। এটির যাত্রার সময় ছিল সকাল ১১টা ১৫ মিনিটে। আর অন্যটি জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫)। ঢাকা থেকে ট্রেনটির যাত্রার সময় ছিল বিকাল ৪টা ৪৫ মিনিটে।
এর আগে ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পড়ে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙ্গে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। এই ঘটনায় প্রায় দেড়শ মিটারের মতো রেলট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে দীর্ঘ ৯ ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়। এ ঘটনায় প্রায় দেড়শ মিটারের মতো রেলট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গতকাল শিডিউল বিপর্যয়ের কারণে দিনভর ট্রেন চলাচল করলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যেসব যাত্রীরা বিলম্বিত ট্রেনে যেতে চাননি তাদের টিকিট ফেরত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সে সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্ল্যাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।
এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন নির্ধারিত সময়ে না পৌঁছায় বিভিন্ন স্টেশন থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।