ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ট্রাই-ফোল্ড স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের সঙ্গে দ্বৈরথে নামছে স্যামসাং

ট্রাই-ফোল্ড বা দুবার ভাঁজযোগ্য স্মার্টফোন প্রস্তুত করছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং।

ট্রাই-ফোল্ড বা দুবার ভাঁজযোগ্য স্মার্টফোন প্রস্তুত করছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। আগামী বছর নাগাদ স্মার্টফোনটি বাজারে আসতে পারে। সম্প্রতি জেডিনেট কোরিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর গেজেট৩৬০।

সম্প্রতি চীনে মেট এক্সটি আলটিমেট এডিশন স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। ট্রাই-ফোল্ড স্মার্টফোন বাজারে আনার মাধ্যমে স্যামস্যাং মূলত মেট এক্সটির সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছে। অন্য স্মার্টফোন নির্মাতাদের মধ্যে শাওমি, অনর ও অপোও ট্রাই-ফোল্ডের বড় আকারে ডিসপ্লের স্মার্টফোন নিয়ে কাজ করছে।

স্যামসাংয়ের একটি সূত্র জানায়, কোম্পানিটি ক্ল্যামশেল স্টাইলের একটি ফোল্ডেবল ফোন ছাড়াও ট্রাই-ফোল্ড স্মার্টফোন বাজারে আনার কথা ভাবছে। দুটি ফোনই ২০২৫ সালে উন্মোচন করা হতে পারে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাই-ফোল্ড স্মার্টফোনের যন্ত্রাংশ তৈরি ও সরবরাহের বাণিজ্যিক চুক্তি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে ডিভাইসটি বাজারে আনার চূড়ান্ত সিদ্ধান্ত স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিভাগের প্রধানের ওপর নির্ভর করছে।

চলতি বছর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলের চাহিদা প্রত্যাশার চেয়ে কম হওয়ায় ফোল্ডেবল ফোনে ব্যবহৃত ওএলইডি ডিসপ্লের কার্যাদেশ ১০ শতাংশ কমে গেছে। ফলে স্যামসাং ওএলইডি প্যানেলের উৎপাদন কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে।

প্রসঙ্গত, এর আগেও ট্রাই-ফোল্ড স্মার্টফোন উন্মোচনের কথা জানিয়েছিল স্যামসাং। ২০২৩ সালের মার্চে একটি প্রতিবেদনে দাবি করা হয়, কোম্পানিটি গ্যালাক্সি এস২৩ এফই স্মার্টফোনের পরিবর্তে একটি ট্রাই-ফোল্ড ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আনতে যাচ্ছে। ওই সময়ের আলোচিত ফোনটি ২০২৫ সালে বাজারে আসতে পারে বলে জানা গেছে।

স্যামসাং এরই আগে ফ্লেক্স জি ও ফ্লেক্স এস নামে দুটি স্মার্টফোনের প্রোটোটাইপ প্রদর্শন করেছিল, যেগুলোর ভাঁজ প্রক্রিয়া ভিন্ন ধরনের। যদিও এ ডিজাইনগুলো এখনো বাজারে আসেনি। তবে এর সঙ্গে হুয়াওয়ের মেট এক্সটি আলটিমেট এবং আগস্টে উন্মোচিত টেকনোর ফ্যান্টম আলটিমেট ২ ট্রাই-ফোল্ড স্মার্টফোন ধারণার সাদৃশ্য রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ