বাংলাদেশ ব্যাংক এলসি (ঋণপত্র) ছাড়া চুক্তিপত্রের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের আমদানির সুযোগ সহজ করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ অনুযায়ী, বছরে ৫ লাখ মার্কিন ডলারের পণ্য এলসি ছাড়া বাণিজ্যিক আমদানি করা যাবে। এ ক্ষেত্রে আমদানি তথ্য বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং পোর্টালে জমা দিতে হবে।
এছাড়া, বিদেশি সরবরাহকারীর ক্রেডিট রিপোর্ট গ্রহণের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ না করা হলে সংশ্লিষ্ট আমদানিকারকের পক্ষে চুক্তির মাধ্যমে আমদানি কার্যক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বিশেষায়িত অঞ্চল (ইপিজেড ও ইজেড) চুক্তির মাধ্যমে আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্বল্প মেয়াদি আমদানি ঋণের ব্যবস্থা নিয়মিতভাবে থাকবে। আমদানিকারক নিজেই স্বল্প মেয়াদি বিদেশি ঋণ নিতে পারবে আমদানি দায় পরিশোধের জন্য, তবে বিদেশি ঋণদাতা সরবরাহকারী এলসি, এসবিএলসি বা গ্যারান্টি দিতে পারবে।
সার্কুলারে জানানো হয়েছে, আমদানির জন্য গৃহীত বিদেশি ঋণ এবং সুদ ঋণের শর্ত অনুযায়ী পরিশোধ করা যাবে। এই চুক্তির আওতায় ৬০ দিনের স্বল্প মেয়াদি বৈদেশিক ঋণের সুবিধা প্রদান করা হচ্ছে।