বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, বিএসইসি আগামী এক দশকে দেশের পুঁজিবাজারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরিতে কাজ করছে।
বুধবার (২৩ অক্টোবর) পুঁজিবাজারের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের সাথে বিএসইসির সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজার সংস্কারের জন্য একটি সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। নতুন কমিশনের কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে সংস্কার। দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে পুঁজিবাজারের অংশীজনদের প্রত্যেককে নিজ দায়িত্ব ও কর্তব্য পরিপালন করে প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, পুঁজিবাজারের সংস্কারের জন্য বিএসইসি গঠিত টাস্কফোর্স সকল অংশীজনদের নিয়ে একসাথে কাজ করবে। টাস্কফোর্স এর অধীনে বিভিন্ন থিমে ফোকাস গ্রুপ গঠিত হবে। এসব ফোকাস গ্রুপে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তি ও অংশীজনরা অন্তর্ভুক্ত হবেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের সংস্কার ও গঠিত টাস্কফোর্স এর কার্যক্রম অন্তর্ভুক্তিমূলক হবে। সংস্কারের পথে সাময়িক অনেক সমস্যা উদ্ভুত হলেও সংস্কারের পর বাজারের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত।
রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসইসি কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, বিএসইসি’র কর্মকার্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন পুঁজিবাজারের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা।
বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ বলেন, পুঁজিবাজারের অংশীজনদের সকলের প্রচেষ্টার মাধ্যমেই এই বাজারের উন্নয়ন ও সংস্কার সম্ভব।
তিনি সভায় উপস্থিত মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সকলের পরামর্শ ও মতামত আমাদের জানান। বিএসইসি আপনাদের সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত আছে। সকলের অংশগ্রহণ ও প্রচেষ্টায় আগামীতে আমরা পুঁজিবাজারের সুদিন দেখতে পারবো।
তিনি দেশের পুঁজিবাজারের ইনভেস্টমেন্ট ব্যাংক এর প্রচলনের বিষয়টির উপর গুরুত্বারোপ করেন।
সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে পুঁজিবাজারে ভালো বিনিয়োগ পরিবেশ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।
সভায় মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের শীর্ষ প্রতিনিধিরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা পুঁজিবাজারের বিদ্যমান সংস্কারের প্রক্রিয়ায় বিএসইসি’র সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।