সীমিত বিজ্ঞাপনসহ প্রিমিয়াম লাইটের নতুন সংস্করণের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব।
সীমিত বিজ্ঞাপনসহ প্রিমিয়াম লাইটের নতুন সংস্করণের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, জার্মানি ও থাইল্যান্ডে এ পরীক্ষা চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন গুগলের একজন প্রতিনিধি। এর আগে চলতি সপ্তাহে এ-সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনগ্যাজেট।
জানা গেছে, নতুন এ সংস্করণে সীমিত পরিসরে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে, যেখানে অধিকাংশ ভিডিও বিজ্ঞাপনমুক্ত হবে। তবে মিউজিক কনটেন্ট ও শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখা যেতে পারে। এছাড়া সার্চ বা ব্রাউজ করার সময়ও ‘নন-ইন্টারাপ্টিভ’ বিজ্ঞাপন প্রদর্শন করা হবে।
ইউরোপে ২০২১ সালে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন পরীক্ষা করা হয়েছিল। তবে এটি মাত্র কয়েক বছর স্থায়ী হয়। ভিডিও প্লাটফর্মটি ২০২৩ সালের অক্টোবরে সংস্করণটি বন্ধ করে দেয়। প্রিমিয়াম লাইটের একমাত্র সুবিধা ছিল বিজ্ঞাপন না দেখানো। তবে এতে অফলাইন বা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখার সুবিধা ছিল না, যা নিয়মিত প্রিমিয়াম সাবস্ক্রিপশনে পাওয়া যায়।
অস্ট্রেলিয়ায় প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন কিনতে প্রতি মাসে ৯ ডলার ব্যয় করতে হচ্ছে।
অন্যদিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মূল্য মাসিক ১৭ ডলার। ইউরোপে চালু হওয়া লাইট সংস্করণের মূল্যও প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অর্ধেক ছিল।
বর্তমানে ইউটিউব সাবস্ক্রিপশনের ব্যক্তি প্যাকেজের জন্য মাসে ১৪ ডলার ও পারিবারিক প্যাকেজের জন্য ২৩ ডলার ব্যয় করতে হয়। ফলে মধ্যম পর্যায়ের প্রিমিয়াম লাইট সংস্করণ বেশ আকর্ষণীয় হতে পারে।