দীর্ঘদিন ধরে চট্টগ্রামভিত্তিক বিভিন্ন শিল্প গোষ্ঠীসমূহ সাফল্য ও সুনামের সাথে দেশে ব্যবসা করে চলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
গতকাল (২১ অক্টোবর) বিএসইসির সাথে চট্টগ্রামভিত্তিক বিভিন্ন শিল্প গোষ্ঠীসমূহের অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রামে চট্টগ্রামভিত্তিক শিল্প গোষ্ঠীসমূহ দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে, দেশের পুঁজিবাজারেও তাদের অংশগ্রহণ একান্ত কাম্য। বিশ্বজুড়ে পুঁজিবাজার দেশের অর্থনীতির মূল প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে। শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে দেশের টেকসই উন্নয়নকে আরো বেশি গতিশীল করা সম্ভব।
রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে বিএসইসি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এক্ষেত্রে কমিশন সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানান তিনি।
চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত উক্ত সভায় খন্দকার রাশেদ মাকসুদ ছাড়াও উপস্থিত ছিলেন, বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ ও বিএসইসি’র বিভিন্ন কর্মকার্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ অন্যান্য স্থানীয় উদ্যোক্তারা।
পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান বলেন, সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে আইন মেনে নিয়মমাফিক ব্যবসা পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখা সম্ভব। পিএইচপি গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী বলেন, পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা বাড়ায় এবং সুশাসন নিশ্চিত করে। তিনি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার ডি-ম্যাট ফরমে রাখার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার আনার ওপর গুরুত্বারোপ করেন।
প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বৈঠকে বলেন, দেশে তৈরি পোশাক খাতের কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনায় বিরাট অঙ্কের চলতি মূলধনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিদ্যমান পুঁজিবাজার হতে মূলধন সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান বিধিমালার অধীনে পুঁজির ব্যবহার নিয়ে কিছু জটিলতা রয়েছে, যার সংস্কার প্রয়োজন।