মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এর সাফল্যোর মূল ভিত্তি পারস্পরিক বিশ্বাস। বিগত পঁচিশ বছরে আমাদের অগ্রগতি ১৩ লাখের বেশি গ্রাহকের সাথে গড়ে ওঠা দৃঢ় সম্পর্কের প্রতিফলন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।
মঙ্গলবার (২২ অক্টোবর) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটরিয়ামে অনুষ্টিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভার্চুয়াল ডেবিট কার্ড থেকে ডিজিটাল ন্যানো লোনের মতো উদ্ভাবনী সেবা প্রদান আমাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান জানান, বর্তমানে এমটিবি’র রয়েছে ১২০টি শাখা, ৪১টি উপ-শাখা, ৩৩৬টি এটিএম (যার মধ্যে ২৮টি সিআরএম অন্তর্ভুক্ত), ৩ হাজার ১১৭টি পজ টার্মিনাল, ১৮২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩টি ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), ৮টি এয়ার লাউঞ্জ এবং ৪টি ফরেন এক্সচেঞ্জ বুথ, যার পেছনে কাজ করছেন তিন হাজারেরও বেশি এমটিবিয়ান।
‘বিশ্বাস ও প্রগতির পঁচিশ বছর’ শ্লোগান নিয়ে সপ্তাহব্যাপী উদযাপন চলবে এমটিবি সেন্টার ও টাওয়ারসহ প্রতিষ্ঠানটির সকল শাখা ও উপ-শাখায়। ব্যাংকটি গ্রাহকদের সাথে বিশ্বাস ও প্রগতির পথে আরো অদম্য গতিতে এগিয়ে যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।



















