টেক জায়ান্ট গুগলের সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন পণ্যের দায়িত্বে থাকা নির্বাহী প্রভাকর রাঘবন কোম্পানির প্রধান প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্ব নেবেন।
টেক জায়ান্ট গুগলের সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন পণ্যের দায়িত্বে থাকা নির্বাহী প্রভাকর রাঘবন কোম্পানির প্রধান প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্ব নেবেন। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, রাঘবনের স্থলাভিষিক্ত হবেন গুগলের দীর্ঘদিনের কর্মকর্তা নিক ফক্স। রাঘবন কোম্পানির প্রযুক্তিগত দিক ও উদ্ভাবনের ওপর মনোনিবেশ করবেন। খবর টেকক্রাঞ্চ।
পিচাই বলেন, ‘প্রভাকর সিদ্ধান্ত নিয়েছেন যে তার ক্যারিয়ারে একটি বড় পরিবর্তন করার সময় এসেছে। গুগলে ১২ বছর ধরে দলের নেতৃত্ব দেয়ার পর তিনি আবার কম্পিউটার সায়েন্সের মূলে ফিরে যাচ্ছেন ও গুগলের প্রধান প্রযুক্তিবিদ হিসেবে কাজ করবেন। এ নতুন দায়িত্বে তিনি আমার ও গুগলের অন্য নেতাদের সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে প্রযুক্তিগত নির্দেশনা ও নেতৃত্ব দেবেন।
রাঘবন গুগল মেইল (জিমেইল) দলের নেতৃত্বে স্মার্ট রিপ্লাই ও স্মার্ট কম্পোজ চালু করেছিলেন, যা জিমেইলের প্রথম এআই পণ্য। এরপর রাঘবন এআই ওভারভিউ ও সার্কেল টু সার্চসহ অন্যান্য এআই ফিচার লঞ্চের তত্ত্বাবধানে ছিলেন। এছাড়া ম্যাপস ও শপিং পরিষেবায় এআই ফিচার, যেমন ইমার্সিভ ভিউ ও ভার্চুয়াল ট্রাই-অনে কাজ করেছেন।
এদিকে ফক্সের বিষয়ে পিচাই বলছেন, ‘গুগলের এআই পণ্যের রোডম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এবং প্রভাকর ও তার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।’ এছাড়া ফক্স গুগল এফআই ও আরসিএস মেসেজিংয়ের মতো পরিষেবা চালু করতে সাহায্য করেছেন।
এ পরিবর্তনের কারণ গুগল এআই প্রতিযোগিতায় দ্রুত কাজ করার জন্য কোম্পানির দলগুলোকে পুনর্গঠিত করছে, যেখানে তারা আরো অনেক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে।