যুক্তরাষ্ট্রের ২০২৩-২৪ বিপণন বর্ষে শস্য রফতানি বেড়েছে ২৬ শতাংশ। এ সময় দেশটির মোট রফতানি পৌঁছেছে ১০ কোটি ৯৪ লাখ টনে।
যুক্তরাষ্ট্রের ২০২৩-২৪ বিপণন বর্ষে শস্য রফতানি বেড়েছে ২৬ শতাংশ। এ সময় দেশটির মোট রফতানি পৌঁছেছে ১০ কোটি ৯৪ লাখ টনে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
যুক্তরাষ্ট্রের গ্রেইন কাউন্সিল (ইউএসজিসি) জানায়, ২০২৩-২৪ অর্থবছরে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র ৪ হাজার ৮০০ কোটি ডলারের শস্য রফতানি করেছে। এ সময় শস্য রফতানিতে বড় প্রভাব ফেলেছে ইথানল। ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মোট ১ হাজার ৭৫ কোটি গ্যালন ইথানল রফতানি করে।
ইউএসজিসির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা রায়ান লিগ্র্যান্ড বলেন, ‘এ বিপণন বর্ষে রফতানি বাড়াতে কাজ করেছেন এমন মার্কিন কৃষক ও শস্য উৎপাদনকারীদের তাদের অসাধারণ প্রচেষ্টার জন্য স্বীকৃতি জানাই। বিশেষ করে ইথানল উৎপাদনকারীদের, যারা ক্রমাগত বিশ্ববাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছেন।
২০২৩-২৪ বিপণন বর্ষে যুক্তরাষ্ট্রের শস্যের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল মেক্সিকো। দেশটি এ সময় যুক্তরাষ্ট্র থেকে ৩ কোটি ৫০ লাখ ১৬ হাজার ৯২৩ টন শস্য আমদানি করেছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে জাপান। এ সময় দেশটির যুক্তরাষ্ট্র থেকে শস্য আমদানির পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ টন। ২০২৩-২৪ বিপণন বর্ষে চীন যুক্তরাষ্ট্র থেকে মোট ১ কোটি ২০ লাখ টন শস্য আমদানি করেছে।