ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামস জগলুল হোসেন উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে নজরুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। মামলায় ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সের পক্ষে ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুঁইয়া এবং আসামির পক্ষে অ্যাডভোকেট মাসুদ তালুকদার শুনানি করেন।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর, ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সের গ্রাহকদের জমাকৃত ৮১৬ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৪৪০ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন। মামলায় সাবেক পরিচালক এম এ খালেককে প্রধান আসামি করে নজরুল ইসলামসহ মোট ১৪ জনকে আসামি করা হয়।
এছাড়া, ২০২৩ সালের ৩০ মার্চ আরও একটি মামলায় প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরদিন ৩১ মার্চ, গুলশানের একটি হোটেল থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলামসহ ১৯ জনকে আসামি করা হয়। মামলাটি পরবর্তীতে গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ২০২২ সালের ৮ মার্চ, ফারইস্ট ইসলামী লাইফের নয়জন পরিচালক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক মামলায় নজরুল ইসলাম ও এম এ খালেককে গ্রেপ্তার করা হয়েছিল। তবে নজরুল ইসলাম পরবর্তীতে জামিনে মুক্তি পান।