আগামী বছর থেকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন এবং শারদীয় দুর্গাপূজার জন্য তিন দিনের সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রস্তাব বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সভার এজেন্ডায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ছাড়াও প্রত্যাগত অভিবাসী নীতিমালা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
বর্তমানে ঈদে তিন দিন এবং পূজায় এক দিনের ছুটি রয়েছে। তবে, গত কয়েক বছর ধরে নির্বাহী আদেশের মাধ্যমে ঈদের ছুটি এক দিন বাড়ানো হয়েছিল। এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে ঈদের ছুটি পাঁচ দিন এবং দুর্গাপূজার ছুটি তিন দিন নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা সভায় অনুমোদন পেলে বাস্তবায়িত হতে পারে।