অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই আবার দাবি করেছেন, ব্যবসার প্রচারণা বৃদ্ধির জন্যই স্বামীর অসুস্থতা নিয়ে ‘নাটক’ করছেন তনি।
বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার ভোরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই নারী উদ্যোক্তা। যেখানে তনি বলেছেন, কিছু ভিউ ব্যাবসায়ীর অত্যাচারে আমি বিরক্ত এবং মর্মাহত।
অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন, এখন ব্যাংককে সকাল ৬ টা বাজে। আমি আইসিইউ রুমের সামনে বসে পোস্টটা লিখছি, দয়াকরে আমি এবং আমার স্বামীকে নিয়ে কোনো প্রকার মিথ্যা সংবাদ প্রচার করবেন না।
কয়েকটি শিরোনাম তুলে ধরে তনি লেখেন, ‘তনির বুড়া স্বামী মারা গেছে’, ‘টাকার জন্য চিকিৎসা হচ্ছে না তনির স্বামীর’, ‘ব্যাবসায়ীক পলিসি’, ‘মৃত্যুর খবর গোপন করছে’— ভিউয়ের আশায় এসব মনগড়া খবর ছড়াবেন না।
উন্নত চিকিৎসার জন্য স্বামীকে দেশের বাইরে নিয়ে গেছেন উল্লেখ করে তনি বলেন, বাংলাদেশে তার চিকিৎসা আশানুরূপ ছিল না দেখে অনেক রিস্ক নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে আল্লার রহমতে এখানে নিয়ে আসতে পেরেছি। আমার স্বামী লাইফ সাপোর্টে, তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছি। সবকিছু আল্লাহতায়ালার হাতে, তিনি চাইলে সব সম্ভব, ডাক্তার উছিলা মাত্র।