পেঁয়াজ, আদা ও রসুনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকা মসলাপণ্যের দাম কমতে শুরু করেছে। দেশের বাজারে সরবরাহ বাড়ায় পণ্যগুলোর দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, গতকাল ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৫৫-৮৫ টাকা। এক সপ্তাহ আগে একই পেঁয়াজ মানভেদে ৮০-৯৫ টাকায় বিক্রি হয়েছে।
অন্যদিকে দেশী পেঁয়াজের দাম কেজিপ্রতি অন্তত ১০ টাকা কমেছে। গতকাল মসলাপণ্যটি ৮৫-৯০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া পাইকারি বাজারে চীন থেকে আমদানি হওয়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়।
খাতুনগঞ্জে আদার দাম কমে চলতি বছরের সর্বনিন্মে নেমেছে। চীন থেকে আমদানীকৃত ও দেশী আদার দাম বেশি হওয়ায় ভারত ও মিয়ানমার থেকে পণ্যটি আমদানি করেছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারে ভারতের কেরালা রাজ্য থেকে আমদানি করা প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়।
মিয়ানমার থেকে আমদানি করা আদা বিক্রি হয় ১২০-১৩০ টাকায়। দেশী আদার দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা কমে ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে চীন থেকে আমদানি করা আদার দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি গতকাল বিক্রি হয়েছে ২২০-২৩০ টাকায়।
এদিকে পেঁয়াজ ও আদার পাশাপাশি রসুনের দামও কমতে শুরু করেছে। এক-দেড় মাস আগেও প্রতি কেজি চীনা রসুনের দাম ছিল ১৯০-২০০ টাকা। বর্তমানে তা কমে ১৭০-১৭৫ টাকায় নেমে এসেছে।