সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬.১৪ পয়েন্ট কমেছে। তবে সপ্তাহ শেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ডিএসইতে বড় মূলধনী কোম্পানি ও জেড ক্যাটাগরির কোম্পানির দরপতনের কারণে মূল্য সূচক একদিনে ৯৭ পয়েন্ট কমে যায়। এর ফলে পুরো সাপ্তাহিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৪৪ কোটি ১৯ লাখ টাকার বা ৩৮ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৬ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৮ শতাংশ কমে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪১ দশমিক ৫১ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৪৯টির এবং অপরবর্তিত রয়েছে ৭টির।