চীনে অস্ত্র উৎপাদন শুরু করেছে রাশিয়া। মূলত ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘ পরিসীমার ড্রোন বানানো হচ্ছে। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার দুই সূত্র এবং রয়টার্সের হাতে আসা নথির বরাতে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের খবর বলছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রতিষ্ঠান আলমাজ-আন্টের অধীনস্থ প্রতিষ্ঠান আইইএমজেড কুপল এরই মধ্যে গার্পিয়া-৩ (জিথ্রি) নামের নতুন ড্রোন মডেল তৈরি করেছে এবং পরীক্ষামূলক ফ্লাইটও চালিয়েছে। চীনেই তৈরি করা হয়েছে সেটি। ড্রোন তৈরিতে সহায়তা করেছেন চীনের স্থানীয় বিশেষজ্ঞরা। নথির তথ্য সেকথাই বলছে।
ওই নথিটি মূলত কুপলের পক্ষ থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো একটি প্রতিবেদন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কুপল জানায়, জি৩সহ তারা চীনের কারখানায় ড্রোন তৈরি করতে প্রস্তুত যা ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ ব্যবহৃত হবে।
রয়টার্স এ বিষয়ে জানতে কুপল, আলমাজ-আন্টে ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তারা কোনো মন্তব্য করেনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, তারা এ ধরনের কোনো প্রকল্পের ব্যাপারে জানে না। ড্রোন বা মানুষবিহীন আকাশযান রপ্তানির বিষয়টি তারা ব্যাপক কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করে।
লন্ডনভিত্তিক প্রতিরক্ষা থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফাবিয়ান হিনজ বলেছেন, চীন থেকে রাশিয়াতে মানুষবিহীন ড্রোন পাঠানো হলে তা উল্লেখযোগ্য একটি ঘটনা হবে।
হিনজ বলেন, ‘আপসি যদি চীনের দিকে তাকান, তাহলে দেখবেন যে তারা কী সরবরাহের জন্য পরিচিত। এটি ছিল মূলত দ্বৈত ব্যবহারের পণ্য, যন্ত্রাংশ যা হয়তো অস্ত্র ব্যবস্থায় ব্যবহার হতে পারে। আমরা এতদিন এটিই দেখেছি। কিন্তু আমরা যা দেখিনি তা হলো পূর্ণাঙ্গ অস্ত্র ব্যবস্থা স্থানান্তর। অন্তত প্রকাশ্য নথি তা-ই বলেছে।’
সূত্র: রয়টার্স


















