ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

টিভি ভিউয়িংয়ের ১০ শতাংশ ইউটিউবের দখলে

চলতি বছরের জুলাইয়ে টিভি ভিউয়িংয়ে ইউটিউবের হিস্যা ১০ দশমিক ৪ শতাংশ। এই প্রথম কোনো অনলাইন পরিষেবা এককভাবে ১০ শতাংশ অতিক্রমের মাইলফলক অর্জন করেছে। অন্যান্য স্ট্রিমিং পরিষেবা মিলিয়ে টিভি ভিউয়িংয়ে মোট হিস্যা দাঁড়িয়েছে ৪১ দশমিক ৪ শতাংশ। কেবল ও ব্রডকাস্ট পরিষেবার হিস্যা যথাক্রমে ২৬ দশমিক ৭ শতাংশ ও ২০ দশমিক ৩ শতাংশ। দর্শক বিশ্লেষণ প্রতিষ্ঠান নিলসেনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।

‘টিভি ভিউয়িং’ হলো স্ট্রিমিং পরিষেবা ও টেলিভিশন চ্যানেলে দর্শক মোট কত সময় ধরে সরাসরি সম্প্রচার ও ধারণ অনুষ্ঠান দেখেছে। মাসওয়ারি হিসেবে জুনের ৯ দশমিক ৯ শতাংশ থেকে দশমিক ৫ শতাংশ বেড়ে জুলাইয়ে ইউটিউবের টিভি ভিউয়িং দাঁড়ায় ১০ দশমিক ৪ শতাংশ। এদিকে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ও আমেরিকান টিভি সিরিজ সম্প্রচারের বদৌলতে স্ট্রিমিং পরিষেবা পিককের ব্যবহারকারী জুলাইয়ে ৩৩ শতাংশ বৃদ্ধির কারণে টিভি ভিউয়িং হিস্যা দাঁড়িয়েছে ১ দশমিক ৫ শতাংশে। অ্যামাজন প্রাইম ভিডিও ও রোকু চ্যানেলের হিস্যা যথাক্রমে ৩ দশমিক ৪ ও ১ দশমিক ৬ শতাংশ।

স্ট্রিমিং পরিষেবায় নেটফ্লিক্স বেশ জনপ্রিয়। মাসওয়ারি হিসেবে প্লাটফর্মটির হিস্যা স্থিতিশীল রয়েছে, যা ৮ দশমিক ৪ শতাংশ। তবে চলতি বছরের জানুয়ারির তুলনায় নেটফ্লিক্সের দর্শক বেড়েছে ৬ দশমিক ৩৩ শতাংশ। সামগ্রিকভাবে স্ট্রিমিং প্লাটফর্মগুলোয় জানুয়ারির তুলনায় জুলাইয়ে দর্শক বেড়েছে ১৫ শতাংশ। দিনদিন স্ট্রিমিং পরিষেবার পসরা বৃদ্ধি পাচ্ছে। তবে কেবল টিভির চাহিদাও যে কমে গেছে এমন কিন্তু নয়।

নিলসেনের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ দেখার ক্ষেত্রে এখনো দর্শক কেবল টিভিতে ভরসা রেখেছে। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনায় জুলাইয়ে কেবল টিভিতে সংবাদ দেখার পরিমাণ অনেক বেড়ে যায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ