অ্যাপ ডাউনলোড, অ্যাকাউন্ট তৈরি বা ক্লাউড স্টোরেজ সেটআপ করার মতো প্রক্রিয়ার কারণে অনেকের কাছেই ডিভাইস থেকে ডিভাইসে ফাইল শেয়ার করার বিষয়টি জটিল মনে হতে পারে। প্রযুক্তিসংশ্লিষ্টরাও বলছেন, এ অতিরিক্ত প্রক্রিয়াগুলো ফাইল শেয়ারিং আরো জটিল ও সময়সাপেক্ষ করে তুলতে পারে। তাই তারা সাধারণ ফাইল শেয়ারিং ওয়েবসাইটগুলো ব্যবহার করার পরামর্শ দেন। যেখানে সহজেই ফাইল আপলোড ও এগুলো শেয়ার করার মতো লিংক তৈরি করা যায়। অ্যাপ ডাউনলোড, ক্লাউড স্টোরেজ সেটআপ অথবা সাইনআপ করার প্রয়োজন ছাড়াই দ্রুত ফাইল ডাউনলোড করতে সহায়ক এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে জানিয়েছে মেক ইউজ অব।
শেয়ারড্রপ
শেয়ারড্রপ হলো ওয়েবভিত্তিক একটি ফাইল শেয়ারিং টুল, যা সরাসরি পিয়ার-টু-পিয়ার স্থানান্তরের জন্য ওয়েবআরটিসি ব্যবহার করে। শেয়ার ড্রপের মাধ্যমে ফাইল ট্রান্সফারের জন্য প্রথমে ওয়েবসাইটটিতে যেতে হবে। এরপর একটি শেয়ারিং রুম তৈরি করতে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর অন্যদের সঙ্গে রুমের লিংক বা কিউআর কোড শেয়ার করা যাবে। রুমের প্রত্যেক ব্যক্তির একটি করে অ্যাভাটার থাকবে। ফাইল পাঠাতে প্রাপকের অ্যাভাটারে ক্লিক করে ফাইলটি আপলোড করতে ও পাঠাতে সেন্ড ক্লিক করতে হবে।
সেন্ডজিবি
সেন্ডজিবিতে ৫ গিগাবাইট পর্যন্ত ফাইল বিনামূল্যে স্থানান্তরের সুবিধা রয়েছে। বিনামূল্যে ব্যবহারকারীরা ২৫০ এমবির নিচে ফাইলগুলো ৯০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, যেখানে বড় আকারের ফাইলগুলো এক সপ্তাহের জন্য রাখা হয়। সেন্ডজিবি ই-মেইল অথবা একটি ইউআরএলের মাধ্যমে ফাইল শেয়ার করার অনুমতি দেয়। নির্দিষ্ট সময়ের পর ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার অপশন রয়েছে, এছাড়া অতিরিক্ত সুরক্ষার জন্য পাসওয়ার্ড সুবিধাও রয়েছে।

আপলোড ফাইলস
আপলোড ফাইলসে নিবন্ধন বা অর্থ প্রদানের প্রয়োজন ছাড়াই ফাইল আপলোড ও শেয়ার করা যায়। এতে অন্যান্য পরিষেবার তুলনায় কম বিধিনিষেধ রয়েছে। সেই সঙ্গে যাদের আরো ফিচার বা লিমিট প্রয়োজন তাদের জন্য প্রো ও বিজনেস সাবস্ক্রিপশন রয়েছে। এর সুবিধাগুলো হলো আনলিমিটেড আপলোড, ১০০ জিবি ফাইল সাইজ লিমিট, স্থানান্তর এনক্রিপ্ট করা ও ফাইলগুলো ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকে।
সেন্ড এনিহয়্যার
বড় আকারের ফাইল পাঠানোর জন্য এটি সেরা বিকল্প হতে পারে। যদিও এর ওয়েব সংস্করণটি ডেস্কটপ বা মোবাইল অ্যাপের মতো বৈশিষ্ট্যসমৃদ্ধ নয়, তবু এটি দ্রুত ও ব্যবহার করা সহজ। সেন্ড এনিহয়্যারে আপলোড করার পর একটি ছয় সংখ্যার কোড পাওয়া যাবে। কোডটি অন্যদের সঙ্গে শেয়ার করলে তারা আপলোড করা ফাইলগুলো ডাউনলোড করতে এটি ব্যবহার করতে পারেন।৷এটি ফাইল শেয়ার করার একটি সহজ উপায়। সেন্ড এনিহয়্যারে এনক্রিপশন ও পাসওয়ার্ড সুবিধা রয়েছে। এছাড়া এখানে ফাইলগুলো ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তা মুছে যাবে।
প্লাসট্রান্সফার
প্লাসট্রান্সফার ব্যবহারের জন্য কোনো নিবন্ধনের প্রয়োজন নেই, তবে প্রেরককে ফাইল পাঠাতে প্রাপকের ই-মেইল ঠিকানা প্রয়োজন হয়। পরিষেবাটি প্রতিটি ফাইল স্থানান্তরের জন্য একাধিক ই-মেইল ঠিকানা মনোনীত করার অনুমতি দেয়। এছাড়া আরো কিছু ওয়েবসাইট যেমন উইট্রান্সফার, ফাইলস টু ফ্রেন্ডসের মাধ্যমে সহজে ফাইল ট্রান্সফার করা যায়।


















