দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আগের তুলনায় কমেছে। এতে একদিনের ব্যবধানে পাইকারিতে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ৫-৭ টাকা।
পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। একদিনের ব্যবধানে প্রতি কেজি আমদানীকৃত ও দেশী পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমেছে। এর আগে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৩-৮৫ টাকায়। বর্তমানে তা কেজিপ্রতি ৮৮-৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় প্রতি কেজি আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা একদিন আগে ছিল ৮০ টাকা। এছাড়া বর্তমানে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকায়, যা একদিন আগে ছিল ১১০ টাকা।