ছেলে রাজ্যর জন্মদিনে মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে এক ঝলক দেখালেন পরীমণি। গত (২০ আগস্ট) মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে জন্মদিনের একটি ভিডিও শেয়ার করেছেন এই ঢালিউড তারকা। সেখানেই দেখা গেছে এই অভিনেত্রীর ছোট্ট মেয়েটিকে।
ফেসবুকে এই অভিনেত্রী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘আমার ছেলের জন্মদিনের ছোট্ট এই ভিডিওতে মেয়ের মুখখানা একঝলক দিয়ে দিলাম।’
গত ১০ আগস্ট ছিল পরীমণির ছেলে রাজ্যর জন্মদিন। সেদিন সুন্দরবনে একটি জলযানে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান। সেখানে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন এই অভিনেত্রী, যেখানে দেখা গেছে পরীমণির মেয়েকে।
সন্তানদের জন্য দোয়া চেয়ে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘অনেকেই এতদিন আমার মেয়ের মুখ খুব দেখতে চাইতেন। তাদের জন্য আজ আমার ছেলের জন্মদিনের ছোট্ট এই ভিডিওতে মেয়ের মুখখানা এক ঝলক দিয়ে দিলাম। ওদের জন্য দোয়া করবেন।’
২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর। পরের বছরের ১৭ সেপ্টেম্বর শরিফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ হয়ে যায়। রাজকে ছাড়া একাকী মা হিসেবে পরীমণি তাদের সন্তানের জন্য হয়ে ওঠেন ‘ওয়ান ম্যান আর্মি’। চলতি বছরের শুরুতে একটি কন্যা শিশুকে দত্তক নেন পরীমণি, নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে রাজ্য ও মেয়ে প্রিয়মকে নিয়েই কাটছে পরীমণির জীবন। মেয়েকে সামাজিক মাধ্যমে না দেখালেও মা-ছেলের খুনসুটি প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।