ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

স্ক্রিনশট থেকে তথ্য খুঁজে দেবে গুগলের পিক্সেল নাইন

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হয় ‘মেড বাই গুগল’ ইভেন্ট। বার্ষিক এ আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে টেক জায়ান্টের তৈরি পিক্সেল সিরিজের স্মার্টফোন। তবে এবার কিছুটা ভিন্ন প্রেক্ষাপট দাঁড়িয়েছে। আর তা হলো পিক্সেল নাইন সিরিজের ফোনে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জেমিনি এআইয়ের সংযোজন।

কোম্পানিটি বলছে, গুগলের নতুন এ পিক্সেল ফোন এআইয়ের সহায়তায় ডিভাইসের স্ক্রিনশট অনুসন্ধান করতে পারে এবং একই সঙ্গে”এটি স্ক্রিনশটের মধ্যে থাকা বিষয়বস্তু বিশ্লেষণ করতেও সক্ষম। স্মার্টফোন ব্যবহারকারীরা বিভিন্ন প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে থাকেন, বিশেষ করে পরবর্তী সময় কাজে লাগবে এমন চিন্তা করেই স্ক্রিনশট সংরক্ষণে রাখা হয়। এটা হতে পারে দরকারি কোনো ফোন নম্বর, ঠিকানা কিংবা গুরুত্বপূর্ণ কোনো নথি।

ফোনের একাধিক স্ক্রিনশটের মধ্যে প্রয়োজনের সময় দরকারি স্ক্রিনশটটি খুঁজে পেতে অনেক সময় বেশ বিড়ম্বনা হয়। এমন পরিস্থিতিতে নতুন ফিচারসহ পিক্সেল নাইন ফোনটি স্ক্রিনশটের বিষয়বস্তু খুঁজে দেবে। ফোনটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশটের টেক্সট ও বিষয়বস্তু পড়তে ও বুঝতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারী তার স্ক্রিনশটগুলোর মধ্যে নির্দিষ্ট শব্দ বা তথ্য অনুসন্ধান করতে পারবেন, যেমন একটি রেসিপি বা যোগাযোগ নম্বর খোঁজা৷। গুগলের দাবি, এভাবে হাজার হাজার স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রোল করার পরিবর্তে সার্চ কিওয়ার্ড ব্যবহার করে যা প্রয়োজন তা দ্রুত খুঁজে পাওয়া সম্ভব।

ব্যবহারকারী পিক্সেল স্ক্রিনশট অ্যাপের মাধ্যমে অথবা জেমিনি এআই অ্যাসিস্ট্যান্টকে স্ক্রিনশট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে দিতে বলতে পারেন। জিজ্ঞাসা করতে পারেন, ‘বিরিয়ানির রেসিপিসহ স্ক্রিনশটটি খুঁজুন।’ অ্যাপটি এর উত্তর বা তথ্য সরবরাহ করবে এবং সে ডাটা কোথা থেকে এসেছে তার স্ক্রিনশট দেখাবে।

মেড বাই গুগল ইভেন্টে উন্মোচন হওয়া পিক্সেল নাইন সিরিজের স্মার্টফোনের পাশাপাশি বাডসেও ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে জেমিনি এআই। নির্দেশনা অনুযায়ী নিমিষেই কাজ করবে প্রযুক্তিটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ