থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রাকে বেছে নিয়েছেন দেশটির ফেউ থাই পার্টি। ৩৭ বয়সী পেতংতার্ন সাবেক ধনকুবের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।
বৃহস্পতিবার রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে ফেউ থাই পার্টির সাধারণ সম্পাদক সারোওং থিয়েনথং দল থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্নের নাম ঘোষণা দেন। শুক্রবার দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে।
এরপর পেতংতার্ন বলেন, ‘দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমাদের দল ও জোটের শরিকেরা নেতৃত্ব দেবে, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’
বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। পাশাপাশি তাঁর মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও রায় দেন আদালত। এর পরদিনই আজ ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল। থাইল্যান্ডের বর্তমান সরকার ১১ দলের জোটের সমন্বয়ে গঠিত। জোটটির সবচেয়ে বড় দল ফেউ থাই পার্টি।
স্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এর মধ্য দিয়ে তিনি ‘নৈতিকতার নিয়ম লঙ্ঘন’ করছেন। স্রেথাকে নিয়ে ফেউ থাই পার্টির তিনজন সাংবিধানিক আদালতের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।



















