হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার পর ইসরায়েলে বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন শঙ্কার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে ফোন কলে বিষয়টি অবহিত করেন।
মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ ওই কল সম্পর্কে অবহিত এমন এক সূত্রের বরাতে এ কথা জানিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ওই ফোনালাপের বিষয়টি জানিয়েছে। তাতে বলা হয়, গ্যালান্ট ও অস্টিন ইরানের হামলার হুমকির মুখে ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতি এবং আভিযানিক ও কৌশলগত সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েলের সুরক্ষায় এরই মধ্যে সেখানে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলের দিকে যাত্রা করেছে এবং দ্রুতই সেটি গন্তব্যে পৌঁছে যাবে।
সম্প্রতি তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার শুকরি হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলজুড়ে ব্যাপক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।



















