আইওএস এইটিন বিটা টেস্টিংয়ের সময় ব্যহারকারী থেকে প্রাপ্ত নেতিবাচক প্রতিক্রিয়ার (ফিডব্যাক) ফলে অ্যাপল তাদের ফটো অ্যাপ থেকে ক্যারোজেল ফিচারটি সরানোর সিদ্ধান্ত নিয়েছে। বেশকিছু আইওএস ব্যবহারকারীর ফিডব্যাক পেয়ে ফটো অ্যাপে এ পরিবর্তন এনেছে টেক জায়ান্ট অ্যাপল। অর্থাৎ কোম্পানিটি ক্যারোজেল ফিচার সরিয়ে দিয়েছে, যা পূর্ববর্তী আপডেটের অংশ ছিল। ‘অ্যাপটি খুব জটিল হয়ে গেছে’—এমন প্রতিক্রিয়া পাওয়ার পর এটিকে আবার সহজ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। খবর গিজচায়না।
অ্যাপল আইওএস বিটা ওয়ানে একটি ক্যারোজেল ফিচারযুক্ত ফটো অ্যাপ আপডেট করে। তারা ফটো অ্যাপটি নতুন করে ডিজাইনের কথা জানায়। ক্যারোজেল হলো ফটো অ্যাপ নেভিগেট করার একটি নতুন উপায়। এটি দিয়ে স্ক্রিনে বাম বা ডানদিকে সোয়াইপ করার মাধ্যমে অ্যাপের বিভিন্ন সেকশনের মধ্যে সুইচ করা যায়, যেমন মেমোরি যা কিউরেট করা ফটো সংগ্রহ দেখায় এবং ফেভারিট, যেখানে বিশেষ হিসেবে চিহ্নিত করা ফটোগুলো খুঁজে পাওয়া যায়। এর মানে হলো, মেমরি ও ফেভারিটের মতো বিভিন্ন সেশনের মধ্যে যেতে বাম বা ডানদিকে সোয়াইপ করতে হবে। কোম্পানিটির দাবি, এ নতুন ডিজাইন ব্যবহারকারীকে তার বিশেষ মুহূর্তগুলোর ছবি সহজে খুঁজে পেতে ও পুনরুদ্ধার করতে সহায়তা করবে। নতুন ডিজাইনে ক্যারোজেল ভিউ এই আপডেটের একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য ছিল। তবে অনেক ব্যবহারকারী এই আপডেট পরীক্ষা করে দেখেছেন এবং জানিয়েছেন, ক্যারোজেল ফিচারটি বিভ্রান্তিকর ও ব্যবহার করা কঠিন।
ব্যবহারকারীর ফিডব্যাকে সাড়া দিয়ে অ্যাপল জানিয়েছে, আইওএস এইটিন বেটা ফাইভে অ্যাপল ফটো অ্যাপ থেকে ক্যারোজেল ফিচারটি সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছে। অর্থাৎ ব্যবহারকারী মেমোরি ও ফেভারিটের মতো সেকশনগুলোর মধ্যে সুইচ করতে আর বাম বা ডানদিকে সোয়াইপ করতে পারবেন না। অ্যাপল জানায়, ক্যারোজেল সোয়াইপ ফিচারের পরিবর্তে ফটো অ্যাপ এখন সেকশনগুলোর মধ্যে নেভিগেট করার জন্য প্রচলিত পদ্ধতি ব্যবহার করবে। ব্যবহারকারীরা আর আনুভূমিকভাবে সোয়াইপ করতে পারবেন না, কিন্তু তার পরও তাদের পছন্দ অনুসারে মেমোরি ও ফেভারিটের মতো সেকশনগুলো কাস্টমাইজ করতে পারেন। অ্যাপল বলেছে, ব্যবহারকারীর সুবিধার্থে আইওএস এইটিন বিটা ফাইভে ‘অল ফটোজ’ ভিউ থাকবে যা নিচের দিকে সোয়াইপ করা ছাড়াই একসঙ্গে অনেক ছবি দেখাতে পারবে।
আইফোন ফিফটিন প্রো ব্যবহারকারী যারা অ্যাপল ইন্টেলিজেন্স পরীক্ষার সঙ্গে জড়িত, তারা ক্যারোজেল ফিচার বাদ দেয়া নতুন আপডেটটি পাবেন না। অ্যাপটির নতুন সংস্করণ পেতে তাদের ভবিষ্যতের আইওএস এইটিন পয়েন্ট ওয়ান আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে অ্যাপল।