তুরস্ক থেকে ব্যবহার করা যাচ্ছে না মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। দেশটির ‘আইন ও বিধি’ মেনে চলতে ব্যর্থ হওয়ায় শুক্রবার সোশ্যাল মিডিয়াটিতে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে সরকার। খবর রয়টার্স।
তুরস্ক সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা অভিযোগ করেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর শোক জানিয়ে করা পোস্টগুলো ব্লক করে দেয় ইনস্টাগ্রাম। মূলত এর পরই সিদ্ধান্তটি নেয়া হয়। তুরস্কের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ কর্তৃপক্ষ (বিটিকে) তাদের ওয়েবসাইটে ২ আগস্ট সিদ্ধান্তটি প্রকাশ করে। খবর রয়টার্স।
দেশটির পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আব্দুলকাদির উরালোগলু বলেন, ‘ইনস্টাগ্রামকে আমরা নির্দিষ্ট আইনের লঙ্ঘন বিষয়ে সতর্ক করেছি। আমরা জানিয়েছি যে তাদের কিছু বিধি মেনে চলতে হবে। কিন্তু তারা যখন আইন ও জনসাধারণের সংবেদনশীল বিষয় উপেক্ষা করেছে তখন আমরা পদক্ষেপ নিতে বাধ্য হই। তারা ত্রুটিগুলো সংশোধন করলে আমরা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেব। উদ্ভূত পরিস্থিতি দেশের আইন ও বিধির সঙ্গে সম্পর্কিত।’ তবে ঠিক কোন কোন ক্ষেত্রে ত্রুটি হয়েছে তা তিনি স্পষ্ট করে বলেননি।
যুক্তরাজ্যভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, শুক্রবার তুরস্কের এক আদালতের দেয়া আদেশের পর থেকে ইনস্টাগ্রামে প্রবেশাধিকার বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে তুরস্কের ব্যবহারকারীরা ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকসেস করতে পারবেন না, তবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) পরিষেবার মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট অফিসের যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন বুধবার হানিয়া হত্যাকাণ্ডের পর শোক-সম্পর্কিত পোস্ট ব্লক করার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘বিষয়টি পুরোপুরি সেন্সরশিপ, এখানে দ্বিধার কিছু নেই।’ এদিকে ইনস্টাগ্রামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বা আলতুনের মন্তব্যের বিষয়ে কিছু জানানো হয়নি।