মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নতুন একটি ফিচার যুক্ত করছে, যার মাধ্যমে কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনের ফাইল দেখা যাবে ও ব্যবহার করা যাবে। এর ফলে ব্যবহারকারী ডিভাইসগুলো সুইচ না করেই ফাইল-সংশ্লিষ্ট কাজ করতে পারবেন। খবর গিজচায়না।
কোম্পানিটি জানায়, এ ফিচারের সাহায্যে কম্পিউটারের মধ্যে ফাইলগুলো দ্রুত ও সহজে স্থানান্তর করা যাবে, খোলা যাবে ও দেখা যাবে। মাইক্রোসফটের দাবি, ফিচারটির সাহায্যে ফাইলগুলো পরিচালনা করতে ব্যবহারকারীর সময় কম লাগবে। এর ফলে তিনি পছন্দের অন্য কাজে আরো বেশি সময় ব্যয় করতে পারবেন।
নতুন এ ফিচার ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড ইলেভেন বা তার পরবর্তী সংস্করণসহ একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে এবং ফোনে উইন্ডোজ অ্যাপের লিংক ও কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন থাকতে হবে। একবার এটি সেটআপ করলে ব্যবহারকারীর কম্পিউটারে ফাইল এক্সপ্লোরার অ্যাপে ফোনের ফাইলগুলো দেখা যাবে। ফিচারটি সব ব্যবহারকারীর জন্যই উপকারী হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায়, পেশাদার কাজে, অথবা যারা প্রডাক্টিভ কাজ করতে চান তাদের জন্য ফিচারটি বেশি কাজে লাগবে।


















