সুদানের অবরুদ্ধ এল-ফাশের শহরে শনিবার (২৭ জুলাই) জাতীয় সেনাবাহিনীর সঙ্গে দেশটির আধাসামরিক বাহিনী লড়াই চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, এ হামলায় বাহিনীটির নিয়ন্ত্রণের বাইরে থাকা দারফুরের শেষ শহরে ২২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। তবে আরএসএফ এ হামলা চালানোর কথা অস্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।
ফেইসবুকে গণতন্ত্রপন্থি আল-ফাশির রেজিট্যান্স কমিটি জানায়, আরএসএফ শনিবার শহরের মার্কেট, হাসপাতাল ও অ্যাপার্টমেন্টগুলো লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করেছে। একটি হাসপাতালে হামলা চালাতে তারা ড্রোন ব্যবহার করেছে।
সুদানের গৃহযুদ্ধে দারফুর অঞ্চলের আল-ফাশির শহর এখনও দেশটির জাতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। এই অঞ্চলে সেনাবাহিনীর শেষ অবস্থান এটি। আরএসএফের সঙ্গে তাদের যুদ্ধে এই ফ্রন্টটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ লড়াইয়ে কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করার পর ফের সহিংসতা বাড়ছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি রেজিট্যান্স কমিটির। পরে তারা জানায়, এই হামলার ঘটনায় ৯৭ জন মানুষ নিহত অথবা আহত হয়েছেন।
আরএসএফ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, আল-ফাশিরে সেনাবাহিনী বা তাদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি।