ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন

ভারতের স্মার্টফোন বাজারের আকার বেড়েছে ১ শতাংশ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের স্মার্টফোন বাজারের আকার বেড়েছে ১ শতাংশ। এ সময় ১৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে দেশটির বাজারে শীর্ষে আছে শাওমি। এর মধ্য দিয়ে টানা ছয় প্রান্তিক পর আবারো ভারতের বাজারে শীর্ষে ফিরল কোম্পানিটি। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস। খবর মোবিলিটি ইন্ডিয়া।

ক্যানালিসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারতের লোকসভা নির্বাচন, মৌসুমি চাহিদা হ্রাস ও কিছু অঞ্চলে চরম আবহাওয়া পরিস্থিতির মধ্যে দেশটিতে এ বছর এপ্রিল-জুন পর্যন্ত ৩ কোটি ৬৪ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। এর মধ্যে শাওমি ও ভিভোর স্মার্টফোন বিক্রি হয়েছে ৬৭ লাখ ইউনিট। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, সম্প্রতি ভিভো সাশ্রয়ী মূল্যের ফাইভজি ও মিড-রেঞ্জ মডেলের স্মার্টফোন দিয়ে বাজারে সাড়া ফেলেছে। এ কারণে শাওমির সঙ্গে প্রতিযোগিতা করছে কোম্পানিটি। এ সময় ৬১ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করে তৃতীয় অবস্থানে আছে স্যামসাং। এছাড়া রিয়েলমি ও অপোর যথাক্রমে ৪৩ লাখ ও ৪২ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। দুটি কোম্পানিই বিক্রির দিক থেকে এ তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে।

ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া বলেন, ‘২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে কিছু কোম্পানি উচ্চ মূল্যের সেগমেন্টে নতুন ডিভাইস উন্মোচন করেছে, অন্যরা উৎসবের মৌসুমের প্রস্তুতিতে বিদ্যমান স্টকগুলো খালি করার দিকে মনোনিবেশ করেছে৷।

প্রতিবেদনে আরো বলা হয়, একই সময় বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ৬ শতাংশ বেড়েছে। স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে দুই প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ও অ্যাপল। সম্প্রতি এআই প্রযুক্তি কাজের পরিধি আরো বাড়িয়েছে স্যামসাং। চলতি মাসে কোম্পানিটি তাদের আনপ্যাকড ইভেন্টে নতুন কিছু এআই ফিচার উন্মুক্ত করে।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের স্মার্টফোন বাজারে ১৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে ছিল ভিভো। এরপর ১৫ দশমিক ৭ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল স্যামসাং। ওই সময় ১১ শতাংশ হিস্যা নিয়ে পঞ্চম স্থানে ছিল চীনের প্রযুক্তি কোম্পানি শাওমি ও ১২ দশমিক ৬ শতাংশ হিস্যা নিয়ে তৃতীয় স্থানে ছিল রিয়েলমি। অন্যদিকে ওয়ানপ্লাস, অ্যাপল, পোকো, টেকনো ও ইনফিনিক্স শীর্ষ ১০-এর তালিকায় ছিল। বছরওয়ারি হিসাবে পোকোর প্রবৃদ্ধি ছিল ৭৬ দশমিক ৫ শতাংশ, যা সবচেয়ে বেশি।

আইডিসি আরো উল্লেখ করে, ২০২৪ সালে ভারতে আইফোন বিক্রি ১০-১৫ শতাংশ বাড়বে। অন্যদিকে কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী এর হার ২৫-২৬ শতাংশ বাড়বে। মূলত আইফোনের দাম নাগালের মধ্যে থাকায় এবং ৩০ মাস পর্যন্ত ইনস্টলমেন্ট সুবিধা থাকায় বিক্রি বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

ক্যানালিসের সাম্প্রতিক ভোক্তা সমীক্ষার তথ্যানুযায়ী, ৪৪ শতাংশ ক্রেতা আগামী এক বছরের মধ্যে নতুন ডিভাইস কেনার আশা করছেন। এ ক্রেতাদের একটি উল্লেখযোগ্য সংখ্যাকে ‘আপগ্রেড ক্রেতা’ বলা হচ্ছে, যারা ফাইভজির মতো সাম্প্রতিক উদ্ভাবনের প্রতি বেশি আগ্রহী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ