ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট–পাটকেল নিক্ষেপ করছে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে বেলা ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।