ফোন থেকে টেক্সট মেসেজ লিখে রেখে পছন্দমতো সময় সেট করে দিলে নির্ধারিত সময়ে নিজ থেকেই চলে যাবে বার্তাটি। এ সুবিধার নাম রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) চ্যাট বা টেক্সট মেসেজ শিডিউল।
প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই এ পরিষেবা নেয়া সম্ভব। তবে এ সুবিধা পেতে গুগল মেসেজ অ্যাপটি ব্যবহার করতে হবে। এ ফিচারের মাধ্যমে আগাম মেসেজ লিখে তা নির্দিষ্ট সময় বেছে পাঠানো যায়। টেক্সট মেসেজ শিডিউল কীভাবে করা যায় তা জানিয়েছে স্ল্যাশ গিয়ার।
প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজ অ্যাপটি ডাউনলোড করে সেটি ফোনের ডিফল্ট হিসেবে সেট করতে হবে। অ্যাপে ঢুকে যে ব্যক্তিকে মেসেজ পাঠাতে চাচ্ছেন, সেই কনভারসেশন ওপেন করতে হবে। মেসেজের বডিতে প্রয়োজনীয় বার্তাটি লিখতে হবে এবং সেন্ড আইকনটি কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে হবে। কিছুক্ষণ পর কাগজের প্লেনের মতো একটি আইকন শো করবে। এরপর একটি মেনু দেখা যাবে স্ক্রিনে, যেখানে মেসেজটি কোন সময়ে পাঠাতে চান, সে-সংশ্লিষ্ট মেসেজ আসবে। এখানে কাস্টম করে সময় নির্ধারণ করা যায়। এবার মেসেজটি সেভ করতে হবে।
যদি বার্তাটি নির্ধারিত সময়ে পাঠানোর আগে এটি কেউ বাতিল করতে চায়, সে সুবিধাও রয়েছে ফিচারটিতে। স্যামসাং, শাওমি, অপো, ওয়ানপ্লাসসহ যেকোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে পরিষেবাটি নেয়া যায়।
হতে পারে আগামী সপ্তাহে কারো জন্মদিন, কিন্তু বিষয়টি আজ মনে হলো। পরে ভুলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই মেসেজটি লিখে শিডিউল করে রাখা যায়। অথবা অফিসের সময়ের বাইরে সহকর্মীকে কাজের বিষয়ে কিছু জানানোর কথা মনে হলো, তখন মেসেজটি লিখে শিডিউল করে রাখলে তা সময়মতো পৌঁছে যাবে।