ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তাকে প্রাধান্য দেয়া অন্যতম সার্চ ইঞ্জিন ডাকডাকগো। এবার প্লাটফর্মটি একটি নতুন এআই চ্যাটবট চালু করেছে, এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় গোপন রেখে বিনামূল্যে যেকোনো বিষয়ে কথা বলতে পারবে। খবর গিজমোচায়না।
চ্যাটবটে করা প্রশ্নগুলো থেকে যেকোনো ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলবে ডাকডাকগো। এআই প্রযুক্তি ব্যবহারকারী ও চ্যাটবটের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে ডাকডাকগো। ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা বা প্রম্পট দিতে পারবে। সেই সময়ে ডাকডাকগো এআই প্রশ্ন থেকে কোনো ব্যক্তিগত তথ্য অপসারণ করে উপযুক্ত চ্যাটবট যেমন ওপেনএআই জিপিটি-৩.৫ টার্বো বা অ্যানথ্রোপিকের ক্লড ৩ হাইকুর কাছে দেবে। এ সময়ে চ্যাটবটগুলো শুধু ডাকডাকগোর আইপি অ্যাড্রেস দেখতে পাবে।
যদিও কিছু চ্যাটবট সাময়িকভাবে কথোপকথন সংরক্ষণ করতে পারে। তবে ডাকডাকগো ব্যবহারকারীদের আশ্বাস দিয়েছে তারা ৩০ দিনের মধ্যে সংরক্ষিত সব তথ্য মুছে ফেলবে। এরই সঙ্গে এআই মডেলের প্রশিক্ষণে এসব তথ্য ব্যবহার করা হবে না বলেও জানানো হয়েছে।
বর্তমানে সবার জন্য এ ফিচার বিনামূল্যে ব্যবহারের সুবিধা দিচ্ছে প্লাটফর্মটি। এর অপব্যবহার রোধ্যে ইন্টারঅ্যাকশনের দৈনিক সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়েছে বলেও সূত্রে জানা গেছে। তবে নিয়মিত ব্যবহারকারীদের কোনো সীমা দেয়া হয়নি।



















