ফায়ার টিভি প্লাটফর্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন ভয়েস সার্চ ফাংশন উন্মোচন করেছে অ্যামাজন। ফায়ার টিভির দশম বার্ষিকী উদযাপনের মধ্যে এ ঘোষণা দিয়েছে অ্যামাজন। খবর টেকটাইমস।
নতুন এ ফাংশন বা সুবিধা ব্যবহারকারীদের পছন্দানুযায়ী চলচ্চিত্র ও টেলিভিশন শো রিকমেন্ডেশন কাস্টমাইজ করার সুবিধা দেবে। ইন্টারনেট মুভি ডাটাবেজের (আইএমডিবি) মতো উৎস থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত এআই মডেলটি যেকোনো বিষয়ে সার্চ করতে পারে। এতে ব্যবহারকারীরা মুভি বা সিনেমার বিষয়, সিনেমার ঘরানা, প্লট পয়েন্ট, অভিনেতা ও কোনো সিনেমা বা শো থেকে উদ্ধৃতির ওপর ভিত্তি করে রিকমেন্ডেশন চাইতে পারবে।
এছাড়া এতে এক্সটেন্ডেট সার্চ ফিচার থাকার কারণে অ্যামাজন প্রাইমের কনটেন্ট ছাড়াও অন্যান্য স্ট্রিমিং পরিষেবাগুলো থেকেও সার্চ রেজাল্ট পাওয়া যাবে। অ্যামাজন জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে নতুন এআই ভয়েস সার্চ ফিচারটি ফায়ার টিভির ফায়ার ওএস সিক্সে চালু হবে। অ্যামাজনের এ পদক্ষেপ এআইয়ের মাধ্যমে বিভিন্ন মিডিয়া প্লাটফর্মকে একত্র করার ক্ষেত্রে সহায়তা করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।
অন্যদিকে ইউটিউব মিউজিক এআই চ্যাটবট ক্লড নিয়ে কাজ করছে বলে জানা গেছে। এতে ব্যবহারকারীরা সাধারণ ভাষায় প্রম্পট বলে মিউজিক সার্চ করতে পারবেন। একই সঙ্গে স্পটিফাই সম্প্রতি এআই নির্মিত প্লেলিস্ট বেটা টেস্টিং চালু করেছে। যেখানে ব্যবহারকারীরা সিনেমার কোনো চরিত্র বা ইমোজির মতো প্রম্পটের ব্যবহার করেও ব্যক্তিগত মিউজিক নির্বাচন করতে পারবেন।