কর্মস্থলের বিভিন্ন কাজ সম্পাদনের জন্য বর্তমানে ল্যাপটপ বহন করতে হয়। এ বিষয়কে প্রাধান্য দিয়ে এবার পেশাদারদের জন্য নতুন ল্যাপটপ ইনবুক এক্স টু উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি ইনফিনিক্স। নতুন এ ল্যাপটপ সহজেই যেকোনো জায়গায় বহন করা যাবে।
নতুন ডিজাইনের স্লিম ও হালকা ওজনের ইনবুক এক্স টু মাত্র ১৪ দশমিক ৮ মিলিমিটার পুরু ও এর ওজন ১ কেজি ২৪০ গ্রাম। পুরুত্ব ও ওজন কম হওয়ায় এটি সহজেই ব্যাগে বহন করা যাবে বলে দাবি কোম্পানির। ল্যাপটপটির ৫০ ওয়াট-আওয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারকারীদের পুরোদিন কাজ করার সুবিধা দেবে। এছাড়া এর ৪৫ ওয়াটের টাইপ-সি পাস্ট চার্জার দেয়ায় জরুরি মুহূর্তে দ্রুত ব্যাটারি চার্জ করে নেয়া যাবে।
ইনফিনিক্স নতুন এ ল্যাপটপে এগারো প্রজন্মের ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ইনফিনিক্সের নিজস্ব কুলিং সিস্টেম আইস স্টর্ম ১.০ রয়েছে, যা দ্রুত সময়ে প্রসেসর ঠাণ্ডা করবে বলেও জানিয়েছে কোম্পানি।
ল্যাপটপটিতে ১৯২০X১০৮০ পিক্সেল রেজল্যুশনযুক্ত ১৪ ইঞ্চির শতভাগ এসআরজিবি প্রফেশনাল ডিসপ্লে দেয়া হয়েছে। ফলে চলার পথে ভিডিও কনফারেন্সিং, প্রেজেন্টেশন ও কনটেন্ট ক্রিয়েশনের মতো কাজ করা যাবে। এছাড়া লাইভ মিটিং বা ভিডিও কনফারেন্সিংকে আরো ফলপ্রসূ করতে এইচডি ক্যামেরা ও ডুয়াল এলইডি ফিল লাইট দেয়া হয়েছে।
কানেক্টিভিটির প্রয়োজন মেটাতে ল্যাপটপটিতে দুটি টাইপ-সি পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, এইচডিএমআই, একটি কার্ড স্লট ও একটি হেডফোন জ্যাক দেয়া হয়েছে। ইনফিনিক্স ইনবুক এক্সটু ল্যাপটপটির দাম ৬১ হাজার ৯৯০ টাকা।