ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২:২৪ অপরাহ্ন

ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। রোববার (১৯ মে) একটি জলাধার উদ্বোধন শেষে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তাবরিজ শহরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আগামী ২৮ জুন ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইআরএনএ–এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গতকাল বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভার প্রধানদের মধ্যে বৈঠকের পর এই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন শুরু হবে আগামী ৩০ মে। আর প্রচারণা চলবে ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত।

দেশটির সংবিধান অনুসারে, প্রেসিডেন্টের পদ শুন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় বেশ কয়েকটি দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এসব দেশের তালিকায় ইরান যেমন রয়েছে তেমনি রয়েছে পাকিস্তানের মতো দেশ। এ ছাড়া রাইসির মৃত্যুতে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা শোক প্রকাশ করেছেন। ইরানের এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ