সালটা ২০১৯। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে প্রায় বছর পাঁচেক।
দীর্ঘ এই সময়ে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায়েই তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব।
শুক্রবার (৩ মে) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে শেখ জামাল। এদিন ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব।
শেখ জামালের হয়ে পাঁচে নামা সাকিব এদিন পঞ্চাশে পৌঁছান ৪৩তম বলে। পরের পঞ্চাশ আক্রমণাত্মক ব্যাটিংয়ে তুলে নেন ৩০ বলে। ৭৩ বলে সেঞ্চুরি করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৭৯ বলে ১০৭ রানে আব্দুল গাফ্ফার সাকলাইনের বলে আউট হন। বাঁহাতি তারকার ইনিংসে ছিল ৯টি চার ও ৭টি ছক্কা।
‘লিস্ট এ’ ক্রিকেটে এটি সাকিবের দশম সেঞ্চুরি। তবে ওয়ানডের ৯ সেঞ্চুরি বাদ দিলে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটিই প্রথম। যে কোনো সংস্করণে সাকিবের সর্বশেষ সেঞ্চুরি ছিল ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টনটনে।