সূর্যের আলোয় রঙ পরিবর্তনশীল প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করতে যাচ্ছে প্রযুক্তি কোম্পানি ভিভো। কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে শিগগিরই আসছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৩০ লাইট।
প্রিমিয়াম ডিজাইনের এ স্মার্টফোনের পেছনের অংশে এ সুবিধা থাকবে। ইউভি লাইট বা সূর্যের আলোয় মুহূর্তেই পরিবর্তন হবে রঙ। ভিভো ভি৩০ লাইটের প্রিমিয়াম ডিজাইনে আরো যুক্ত হয়েছে মেটালিক হাই গ্লাস ফ্রেম।
যারা কম সময়ে দ্রুত চার্জ দিতে চান তাদের জন্য বাজেটের মধ্যে সর্বোচ্চ চার্জিং সুবিধাও রেখেছে ভিভো। ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটিতে থাকবে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যা মাত্র ৪৩ মিনিটেই এর ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।
গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো এবার দ্রুত চার্জিংয়ের পাশাপাশি ব্যাটারি হেলথ নিয়েও গবেষণা করেছে। এর ফল পাওয়া যাবে ভিভোর নতুন স্মার্টফোনে। ভিভো ভি৩০ লাইটে থাকছে সুপার চার্জ পাম্প। এটি যেমন এর ব্যাটারি দ্রুত চার্জ করবে, তেমনি সবচেয়ে কম তাপ উৎপন্ন করে স্মার্টফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। ফলে চার্জের সময়, মাল্টিটাস্কিং বা প্রচণ্ড রোদের তাপেও ডিভাইস ঠাণ্ডা থাকবে বলে দাবি কোম্পানির।
ডিসপ্লে হিসেবে ডিভাইসটিতে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। থাকবে ৮ জিবি র্যাম, যা বাড়ানো যাবে আরো ৮ জিবি পর্যন্ত। সঙ্গে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ সক্ষমতা।