বিশ্বওলী শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র ফাতেহা শরীফ আগামী ১ লা মে, বুধবার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, আটরশি, ফরিদপুরে অনুষ্ঠিত হবে। ফতেহা শরীরের প্রস্তুতি উপলক্ষে আজ নরসিংদী পৌরসভার বধুয়া কমিউনিটি সেন্টারে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলার কর্মী প্রধান আলহাজ্ব হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটি পর্যবেক্ষণ প্রধান জনাব আলহাজ্ব শাহীন মোহাম্মদ হাফিজ, সহকারী মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমাঞ্চল কর্মী প্রধান জনাব নাসিমুল গণি নয়ন, মিশন সদস্য হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী কর্মী প্রধান ব্যবস্থাপনা (অডিট ও কোষাধ্যক্ষ) জনাব ফারুক হোসেন রানা। সভা পরিচালনা করেন নরসিংদী জেলা কর্মী গ্রুপের যুগ্ন প্রধান আলহাজ্ব এড. মতিউর রহমান।
মিশন প্রধান তার বক্তব্যে বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) এর মহা পবিত্র ফাতেহা শরীফের দাওয়াত নরসিংদী জেলার সকল ঘরে ঘরে পৌঁছে দিতে এবং দরবার শরীফে কাফেলা করে যাওয়ার জন্য সকল নেতৃবৃন্দের পরিশ্রম করতে হবে। আল্লাহর রহমত মুহসিন বান্দার নিকটবর্তী থাকে। তাই ওলী-আউলিয়া গণের খেদমত করে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ হয়। তিনি বলেন, পীরের মহব্বতই আল্লাহ ও রাসুলের মহব্বত অর্জনের অন্যতম পথ। তাই আপন পীরের ওফাত দিবসে চোখে মহব্বতের অশ্রুসহ খেদমতে ঝাপিয়ে পরা জরুরি। সকলকে ঐক্যবদ্ধ থেকে বিশ্বওলী খাজাবাবার আদর্শ প্রচারে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য যে সারা দেশের সকল জেলা ও মহানগর পর্যায়ে মহা পবিত্র ফাতেহা শরীফের দাওয়াতি কার্যক্রম ও প্রস্তুতি মিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।



















