পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি। বিষয়টি নিশ্চিত করেছে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
জানা যায়, এই সময়ে এ স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সাথে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৫ দিন এই স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৫ দিন বন্ধ শেষে ১৫ এপ্রিল থেকে যথারীতি আমদানি-রপ্তানি চালু হবে।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তরপূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট ও বিভিন্ন খাদ্যসামগ্রী।