ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

ব্যান্ড নাইন উন্মোচন করল হুয়াওয়ে

আনুষ্ঠানিকভাবে প্রযুক্তি বাজারে ব্যান্ড নাইন উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। আগের ভার্সনগুলোর ডিজাইন অনুসরণ করে নতুন এ ফিটনেস ট্র্যাকার বাজারে নিয়ে এসেছে চীনের কোম্পানিটি। খবর গিজমোচায়না।

আগের ব্যান্ডগুলোর মতো নাইনেও আয়তাকার ডিজাইন দেয়া হয়েছে। তবে এর ডিসপ্লের কোনাগুলো গোলাকার এবং সঙ্গে সাইড বাটন দেয়া হয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্থে ব্যান্ডটি হালকা ওজনে তৈরি করা হয়েছে বলে দাবি কোম্পানির। এতে ১ দশমিক ৪৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে।

পাঁচটি রঙে ব্যান্ড নাইন কেনা যাবে বলে হুয়াওয়ে সূত্রে জানা গেছে। এগুলো হলো ইলেকট্রিক ব্লু, লাইট পিংক, লেমন ইয়েলো, স্যান্ড হোয়াইট ও স্টেলার ব্ল্যাক। হুয়াওয়ে জানায়, আগের ডিভাইসগুলোর তুলনায় ব্যান্ড নাইনের স্ট্র্যাপ আরো আরামদায়কভাবে তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য সচেতনদের জন্য নতুন ব্যান্ডে ১০০-এর বেশি স্পোর্টস মোড দেয়া হয়েছে। এছাড়া হুয়াওয়ের ট্রুস্লিপ ৪.০ থাকায় সহজেই স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য সংগ্রহ করা যাবে। এর মধ্যে ঘুমের পরিমাণ, উদ্বিগ্নতা, রক্তচাপ রয়েছে। কোম্পানির দাবি একবার চার্জ দিয়ে সাধারণ ব্যবহারে নয়দিন এবং সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.৩ দেয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনেই এটি যুক্ত হবে। বর্তমানে মালয়েশিয়ার বাজারে ডিভাইসটি বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে কবে আসবে এবং এর দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ