ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

এনক্রিপশন শনাক্তকরণ লেবেলের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ

দৈনন্দিন মেসেজিংয়ে এনক্রিপশন সুবিধা খুবই গুরুত্বপূর্ণ। এতে উভয় পক্ষের কথোপকথন সুরক্ষিত থাকে। এবার ব্যবহারকারীদের সামনে সুরক্ষার বিষয়টি আরো ভালোভাবে উপস্থাপনের জন্য নতুন লেবেলের পরীক্ষা চালাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।

প্রথম থেকে মেসেজিং ও ভিডিও কলে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা দিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে এ সুবিধার উপস্থিতির বিষয়ে পরিষ্কার ধারণা দিতে কাজ করছে প্লাটফর্মটি। এর আগে ২০২১ সালে বেটা ভার্সনে অনুরূপ ফিচারের বিষয়ে জানিয়েছিল প্লাটফর্মটি। হালনাগাদ বেটা ভার্সনে বর্তমানে এ ফিচারের উপস্থিতির বিষয়ে জানা গেছে। কনটাক্ট বা গ্রুপ নামের নিচে এটি দেখা গেছে।

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, ব্যানারটি সবসময় দেখা যাবে না। সবশেষ মেসেজ দেখার সময় এটি ব্যবহারকারীদের সামসে ভেসে উঠবে। তবে ব্যবহারকারীরা চাইলে কনটাক্ট ইনফো পেজ থেকে এনক্রিপশন ট্যাবে প্রবেশ করে যাচাই করে নিতে পারবে। তবে প্রযুক্তিবিদদের মতে, যারা হোয়াটসঅ্যাপে নতুন তাদের কাছে এর নিরাপত্তা স্তর নিয়ে কোনো সন্দেহ থাকবে না। তিন বছর আগেও অনেক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে সিগন্যালের মতো প্লাটফর্মে ঝুঁকছিল। তবে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি সে সময় পেরিয়ে এসেছে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সমালোচনার জায়গা থেকে এটি এখন অন্যতম নিরাপদ প্লাটফর্মের একটি।

কথোপকথন, ভিডিও/ভয়েস কলের পাশাপাশি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সমৃদ্ধ। ওয়াবেটাইনফোর ধারণা, হোয়াটসঅ্যাপ বেটার হালনাগাদ ভার্সনে শিগগিরই ফিচারটি যুক্ত করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ