চলতি মাসেই পি সেভেনটি সিরিজ উন্মোচন করতে পারে হুয়াওয়ে। নতুন সিরিজ উন্মোচনের মাধ্যমে কোম্পানিটির ডিভাইসে পুনরায় কিরিন চিপসেটের ব্যবহার শুরু হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এর আগে পি ফোরটি সিরিজে কিরিন ৯৯০ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছিল। এর সফলতার পরিপ্রেক্ষিতেই নতুন চিপ ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর গিজমোচায়না।
ডিজিটাল চ্যাট স্টেশনসহ বিভিন্ন সূত্র হুয়াওয়ে পি সেভেনটি সিরিজের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়েছে। তথ্যানুযায়ী, পুরো সিরিজটিতেই কে নাইন ফাইভজি প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে হুয়াওয়ের প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে।
খাতসংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, গত বছর বাজারে মেট সিক্সটি সিরিজ উন্মোচন করে হুয়াওয়ে। এর সফলতার সূত্র ধরে এবার পি সেভেনটি সিরিজ বাজারজাতে কাজ চলছে। সিক্সটি সিরিজে কিরিন ৯০০০এস প্রসেসর ব্যবহার করা হয়েছিল। এ প্রসেসরে ৮টি কোর ও ১২টি থ্রেডস রয়েছে। এছাড়া চিপটিতে ম্যালিউন ৯১০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করা হয়েছে। পি সিরিজের জিপিইউ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি ।
কিরিনের ফাইভজি প্রসেসরের সঙ্গে পি সেভেনটি সিরিজের সব ডিভাইসে উচ্চ সক্ষমতার ব্যাটারি সেল, ওয়্যারলেস চার্জিং ক্যাপাসিটি এবং হাই পারফরম্যান্স ক্যামেরা সেটআপ থাকতে পারে।