বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কার্বন ডাই-অক্সাইডকেই বেশি দায়ী করা হয়। তবে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অনুসারে, শিল্প বিপ্লবের পর থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রায় ৩০ শতাংশের জন্য মিথেন দায়ী। পরিবেশে এ গ্যাস নির্গমন শনাক্তে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। খবর এনগ্যাজেট।
নতুন উদ্যোগের অংশ হিসেবে মিথেন নিঃসরণ শনাক্তে স্যাটেলাইট ইমেজ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করবে কোম্পানিটি। এজন্য গুগল ও এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড (ইডিএফ) দলবদ্ধ হয়েছে। এর আগে সংস্থাগুলো গাড়িতে সেন্সর ব্যবহার করে বড় শহরগুলোতে মিথেন লিক ম্যাপ করেছিল।
ইডিএফ ও এর অংশীদাররা একটি স্যাটেলাইট তৈরি করেছে, যা মার্চের শুরুতে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণের জন্য স্থাপন করা হয়েছে।
স্যাটেলাইটটি দিনে ১৫ বার পৃথিবীকে ৩৫০ মাইলেরও বেশি উচ্চতায় প্রদক্ষিণ করবে এবং জ্বালনি তেল ও গ্যাস উৎপাদনকারী অঞ্চলে মিথেনের মাত্রা পরিমাপ করবে বলে জানা গেছে।



















