শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় প্রথমে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি সেখানে আরেকবার শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার ৩৬ সদস্য। সন্ধ্যা সাতটায় তাদের শপথ-বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরপর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।