ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ উপহার দিয়ে দল হেরেছে বড় ব্যবধানে। সেই ম্যাচকে নেতৃত্ব দিয়ে নিজে দুই ইনিংস মিলিয়ে করেছেন ১৬ রান। এর চেয়ে হতাশারজনক বিদায় আর কী হতে পারে! এমন ম্যাচে প্রতিপক্ষ ভারতের কাছ থেকে দারুণ সম্মান আর উপহার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিদায়ী ক্রিকেটার ডিন এলগার। যা হয়ত তার মনে থাকবে আজীবন।
কেপ টাউন টেস্টে বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ব্যাট করে মাঠ ছাড়ার সময় বিরাট কোহলি-সহ ভারতীয় তারকারা এলগারকে তাঁর বর্ণোজ্জ্বল ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় তারকাদের আচরণ প্রোটিয়া সমর্থকদের মন জিতে নেয়।
ম্যাচ শেষে বিরাট কোহলি শুভেচ্ছা বার্তা-সহ নিজের সই করা একটি জার্সি উপহার দেন এলগারকে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর দলের সব ক্রিকেটারের সই করা একটি জার্সি তুলে দেন প্রোটিয়া তারকার হাতে।
দল হারলেও এলগার অবশ্য ক্যারিয়ারের শেষ সিরিজের সেরা ক্রিকেটার হয়েই মাঠ ছাড়েন। দুই টেস্টে সব থেকে বেশি রান সংগ্রহকারী এলগার সর্বাধিক উইকেটশিকারী জসপ্রীত বুমরাহর সঙ্গে যুগ্মভাবে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। এলগার ২ টেস্টের তিনটি ইনিংসে ব্যাট করে ১টি শতরান-সহ সাকুল্যে ২০১ রান সংগ্রহ করেন।
সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্টে ১৪টি শতক আর ২৩টি অর্ধশতকে ৩৭.৯২ গড়ে ৫৩৪৭ রান করেছেন এলগার। ৮টি ওয়ানডেও খেলেছেন তিনি। টেস্টে ১৫টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২টি উইকেটও রয়েছে তার ঝুলিতে।