মেসেজিং প্লাটফর্ম হিসেবে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সব কাজই করা হয়। এখানে যেসব ফাইল আদান-প্রদান করা হয় সেগুলো গুগল ড্রাইভে ব্যাকআপ রাখার সুবিধা রয়েছে। তবে চলতি বছর থেকে ফাইল সংরক্ষণে ড্রাইভের স্টোরেজ ব্যবহার বাড়বে। খবর টেকরাডার।
২০২৩ সালের ডিসেম্বরে নতুন নীতিমালা ঘোষণা করে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। সেখানে দীর্ঘদিন থেকে ফাইল ব্যাকআপ কম স্টোরেজ ব্যবহারের যে সুবিধা দেয়া হচ্ছিল সেটি বন্ধের কথা জানানো হয়েছে। নতুন এ পরিবর্তন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে অ্যাপটির বেটা ভার্সনের ব্যবহারকারীরা এরই মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছেন বলে সূত্র জানা গেছে।
প্রযুক্তিবিশারদদের মতে, এখন থেকে কথোপকথনের ইতিহাস বা হিস্ট্রি থেকে শুরু করে, ছবি, ভিডিওসহ যেকোনো ফাইল সংরক্ষণ করতে হলে সেটি গুগল ড্রাইভের স্টোরেজ ব্যবহার করবে। ফ্রি বা পেইড মেম্বার সবার জন্যই এটি প্রযোজ্য হবে। এক বিবৃতিতে মেটা জানায়, ২০২৪ সালের প্রথমার্ধের মধ্যেই সব ব্যবহারকারীর জন্য এ পরিবর্তনের বিষয়টি কার্যকর করা হবে। চালুর আগে ব্যবহারকারীদের ৩০ দিন এ বিষয়ে অবগত করে চ্যাট ব্যাকআপ অপশনে ব্যানার হিসেবে নোটিফিকেশন দেখানো হবে।
গুগল ড্রাইভে কথোপকথনের তথ্য সংরক্ষণ করতে না চাইলে বিকল্প সমাধানও দিয়েছেন প্রযুক্তিবিশারদরা। যেকোনো ব্যবহারকারী চাইলে সরাসরি ট্রান্সফার অপশন ব্যবহার করে অন্য ডিভাইসে কথোপকথনের তথ্য স্থানান্তর করতে পারবে। আরেকটি উপায় হচ্ছে শুধু মেসেজ বা বার্তা সংরক্ষণ। এর ফলে মিডিয়া বা কোনো ছবি-ভিডিও ব্যাকআপ হবে না। এতে ড্রাইভের স্টোরেজও কমবে না। আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদেরও হোয়াটসঅ্যাপের তথ্য আইক্লাউডে সংরক্ষণ করতে হয়। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি কার্যকর করা হলো।