ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর টানা দুই জয়ে সিরিজ জমিয়ে তোলে ইংলিশরা। আর তাই পঞ্চম ও শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। শেষ ম্যাচে ইংলিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩২ রানে থামে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ফিল সল্ট। জবাবে ৪ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৩২ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা।
তবে শাই হোপ ও শেরফান রাদারফোর্ডের ব্যাটে বিপর্যয় এড়ায় ক্যারিবিয়ানরা। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। হোপ ৪৩ বলে ৪৩ ও রাদারফোর্ড ২৪ বলে ৩০ রান করেন। এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ।