বায়ুদূষণের শীর্ষে আজ বসনিয়া হারজেগোভিনার বড় শহর সারাজেভো। অন্যদিকে, বিশ্বের ১১০ শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
বায়ুদূষণ তালিকার শীর্ষে থাকা সারাজেভোর স্কোর ৩২৭ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৯৭ অর্থাৎ এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং এই শহরটির স্কোর ২০৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। শহরটির স্কোর ২০০ অর্থাৎ দিল্লি বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
একিউআই বা বায়ুমান নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। একিউআই সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে নগরবাসীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
একিউআই সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। একিউআই সূচক ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয় এবং কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।