আসন্ন ভারত সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় দলে রাখা হয়েছে চার বিশেষজ্ঞ স্পিনার। প্রথমবার লাল বলের দলে ডাক পেয়েছেন তিন ক্রিকেটার- ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন, বাঁহাতি স্পিনার টম হার্টলি ও অফ স্পিনার শোয়েব বাশির।
সোমবার ইসিবি ঘোষিত ১৬ সদস্যের দলে বাকি দুই স্পিনার হলেন লেগ স্পিনার রেহান আহমেদ ও অভিজ্ঞ বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। লিচ ও অলি পোপ দলে ফিরেছেন চোট কাটিয়ে।
দলে সবচেয়ে বড় চমক ২০ বছর বয়সী বশিরের নাম আসা। গত জুনে সমারসেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বশিরের। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ বছর বয়সী এই স্পিনারের শিকার ১০ উইকেট। আরেক স্পিনার হার্ডলি ইংল্যান্ডের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। ২০টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ৪০টি।
দলে পেসার হিসাবে আছেন চার জন। ৪১ বছর বয়সী জেমস অ্যান্ডারসনের সঙ্গী মার্ক উড, অলি রবিনসন ও অ্যাটকিনসন। ইংল্যান্ডের জার্সিতে অ্যাটকিনসন এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ৪৫ উইকেট।
গত অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসের জায়গা হয়নি দলে। গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার করানো অধিনায়ক বেন স্টোকস এই সফরে বোলিং করতে পারবেন নাকি শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন, সেটিই এখন দেখার।
কিপার-ব্যাটসম্যান হিসেবে জনি বেয়ারস্টোর সঙ্গে আছেন বেন ফোকস। গত অ্যাশেজে বাদ পড়েছিলেন তিনি।
ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে। বিশাখাপাত্নামে দ্বিতীয় টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট হবে রাজকোটে। রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি শুরু চতুর্থ টেস্ট। শেষ টেস্ট হবে ধারামশালায়, ৭ মার্চ থেকে।
ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট, মার্ক উড।