মেসেজিং অ্যাপে বেশকিছু নতুন আপডেট আনছে গুগল। এর মধ্যে অন্যতম টেক্সট বাবল ও ব্যাকগ্রাউন্ডের ছবি এবং রঙ পরিবর্তনের সুবিধা। ফলে যে কেউ চাইলে অ্যান্ড্রয়েড মেসেজিং অ্যাপে আলাদা রঙের বাবল ব্যবহার করতে পারবে। খবর এনগ্যাজেট।
নতুন আপডেটের অংশ হিসেবে চাইলে প্রতিটি চ্যাটে আলাদা রঙ ব্যবহার করা যাবে। এর মাধ্যমে বন্ধু, পরিবার, প্রিয়জনের সঙ্গে কথোপকথনে কোনো সমস্যা তৈরি হবে না। এছাড়া অন ডিভাইস গুগল এআইয়ের সহায়তায় ফটোমোজি ব্যবহার করে যেকোনো ছবিকে রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করা যাবে। শুধু পিক্সেল ডিভাইসেই এ সুবিধা পাওয়া যাবে। এজন্য একটি ছবি বাছাই করতে হবে এরপর কোন বিষয়ে পরিণত করা হবে— তা ফটোমোজিতে নির্বাচন করতে হবে এবং সেন্ড বাটন চাপতে হবে।
চ্যাট বাবল, ইমোজি ছাড়াও মেসেজিং অ্যাপে ভয়েস মোড ফিচারও আসছে। এটি ভয়েস মেসেজে নয়টি অতিরিক্ত ধরন যুক্তের সুবিধা দেবে। এগুলোয় ভিজুয়াল ইফেক্টও দেখা যাবে। বিটরেট ও স্যাম্পলিং রেটেও পরিবর্তন এনেছে গুগল। এসব ফিচার ছাড়াও ব্যবহারকারীরা এখন আলাদাভাবে প্রোফাইল সেট করতে পারবে। যেখানে সেলফোন নাম্বারের সঙ্গে থাকা নাম ও ছবি ব্যবহার করা যাবে। কোম্পানি জানায়, গ্রুপ মেসেজে অপরিচিত কোনো নাম্বার থেকে মেসেজ এলে এটি সহায়ক হবে। এর মাধ্যমে প্রেরকের পরিচয় জানা যাবে। গুগল মেসেজে নতুন বেটা ভার্সনে এসব ফিচার থাকতে পারে বলে সূত্রে জানা গেছে। গুগল জানায়, বাজার ও ডিভাইসভেদে ফিচার ব্যবহারের সুবিধা চালু করা হবে।


















