নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জনগণকে সেবা করার সুযোগ দেবেন। যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদেরকেও বলব, নির্বাচনে আসেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা বিদেশি পর্যবেক্ষকদের আসতে বলেছি। তাতে কোনো অসুবিধা নেই।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুকে হত্যার পর জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয়। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হয়।
তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম করে গেছে। আর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে।
এদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেছেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। গত চারদিনে নির্ধারিত সময়ে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি।
সিইসি তফসিল ঘোষণার পরই দলের মনোনয়নপত্র বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। চারদিন ধরে চলা বিক্রি শেষ হয়েছে মঙ্গলবার। তবে মনোনয়নপত্র বিক্রি শেষে হলেও আসন্ন ভোটে নৌকার কাণ্ডারি কারা হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। মনোনয়ন বোর্ডের সভার পর নৌকার প্রার্থীদের নাম জানা যাবে।