করাচি বন্দরে আটকে থাকা আফগান ব্যবসায়ীদের পণ্যগুলোর ব্যাপারে সমাধানের পথ খুলতে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে তালেবান সরকার।
ইসলামাবাদে আফগান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, শিল্প ও বাণিজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী নুরুদিন আজিজির নেতৃত্বে এক প্রতিনিধি দল পাকিস্তানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে সাক্ষাৎ করেছেন। আফগানিদের পণ্য নিরাপদে পরিবহনের বিষয়ে তারা আলোচনা করেছেন।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “আশা করা যাচ্ছে, তালেবান প্রতিনিধি দলের আলোচনা ফলপ্রসূ হবে। এর মাধ্যমে আফগান ব্যবসায়ীদের আটকে থাকা ট্রানজিট পণ্য এবং আফগানিস্তানে ফিরে যাওয়া শরণার্থীদের পণ্য স্থানান্তর সমস্যার সমাধান হবে।”
শিল্প ও বাণিজ্য মণালয়ের কর্মকর্তাদের বরাতে টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানে আফগান প্রতিনিধি দলের বৈঠকের লক্ষ হল করাচি বন্দরে আটকে থাকা বাণিজ্যিক পণ্যগুলোর ব্যাপারে সমাধান খুঁজে বের করা। সেখানে ৩ হাজারের বেশি কন্টেইনার আটকে আছে। সেগুলো পরিবহনের জন্য বৈঠকে আলোচনা হয়েছে।